আবু আফজাল সালেহ এর তিনটি কবিতা
মুখোশ-মুখোশ খেলা
এসো সবাই, এগিয়ে এসো। শুরু হতে চলেছে সেই দৃশ্যপট...
বিচার যেন এক কাঁপতে-থাকা-তারের ওপর দিয়ে চলে
আর সত্য আজ বিবস্ত্র, উন্মুক্ত, মুখোশের আড়ালে।
কালো আলখেল্লায় মোড়া সেই রিংমাস্টার
ক্ষুধার্ত জনতাকে দেয় তার নির্দেশ,
তার হাতুড়ির ঘা যেন এক প্রাণঘাতী চাবুকের আঘাত...
সে মাথা নোয়ায়—অটল, আত্মবিশ্বাসী ও গর্বিত।
ততক্ষণ পর্যন্ত ব্যানারগুলো গর্বভরে ঘোষণা করে,
দেশপ্রেমের উল্লাসে—স্বাগতম, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ,
পৃথিবীর শ্রেষ্ঠ এই আয়োজনে...
আইনজীবীরা হাঁক পাড়ে, ‘এসো সবাই, এসো দলে দলে
সূর্যাস্তের আগেই আমরা নেকড়েকে করব খালাস’।
শুরু হতেই চলেছে এক অলৌকিক কাণ্ড
খেলেই চলেছে রঙিন পর্দা
আর শেষে দোষের বোঝা বইবে সেই নিরীহ মেষশাবক!
এখন অপরাধ মানে কোনো কৃতকর্ম নয়
যার মূল্য চোকাতে অক্ষমতাকে
যেখানে নেকড়েরা বিদায় নেয় করতালির মাঝে
ভেড়ার পালককে টেনে নিয়ে যাওয়া হয়
অন্ধগলিতে।
প্রশ্ন
আমি কেন এখানে?
মনোরম সব গাছপালা আর ফুলের ভিড়ে
অন্তর্নিহিত এক সংকোচ নিয়ে।
আমি কেন এখানে?
সাদা বেড়ার গায়ে হেলান দিয়ে,
বুনো আগাছার মাঝে শিকড় গেঁথে—
যাতে কারো কোনো ব্যাঘাত না ঘটে।
আমি কেন এখানে?
দিনের আলোয় নিজেকে লুকিয়ে রাখি
চাঁদের আলোয় নীরবে কাঁদি
নীল আকাশের দিকে চেয়ে ভাগ্যের অপেক্ষায় শুকিয়ে মরি
অথচ কাউকে কাঁদায় না আমার এ কান্না।
প্রতিদিন সে হাসিমুখে আমার কাছে আসে
তার আঙুলগুলো আলতো করে ছুঁয়ে যায় আমাকে
অপার মমতাভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার পানে—
যেন আমিই তার বাগানের সবচেয়ে আদুরে ফুল—
ঠিক এ কারণেই আমি এখানে
হ্যাঁ, ঠিক এ কারণেই আমি এখানে।
ভালোবাসার বিরহ
তোমার ভালোবাসাটা আমি আজও গায়ে জড়িয়ে রাখি
এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও
তা যেন স্নিগ্ধ
উষ্ণ
এবং আরামদায়ক।
তোমার ভালোবাসাটা আমি আজও গায়ে জড়িয়ে রাখি
আর তা আজও আমার গায়ে নিখুঁতভাবে মানিয়ে যায়
আমার নিঃশ্বাসের সাথে সাথে ওটাও যেন শ্বাস নেয়
ঘুমের সময় আমাকে এমনভাবে জড়িয়ে রাখে যে
শরীরের এক ইঞ্চি চামড়াও অনাবৃত থাকে না।
সব ঋতু, সব মেজাজ আর আবহাওয়ার সাথে মানানসই—
তোমার ভালোবাসাটা যেন বিশেষভাবে আমার জন্যই তৈরি—
শুধুমাত্র আমার জন্য
আর তা কখনোই ক্ষয়ে যায় না বা ছিঁড়েও যায় না
বরং, প্রয়োজনে তা প্রসারিত হয়,
আমাকে সাথে নিয়ে চলে, জীবনের সব আঘাত শুষে নেয়
আর আমাকে আগলে রাখে—
ঠিক যেমনটা ও সবসময় করে এসেছে।
কোনো কোনো দিন,আমি কেবল ওটা গায়ে জড়িয়ে নিই
আর ভুলেই যাই যে, আমি ওটা পরে আছি
আবার কখনও
আমি গুটিসুটি মেরে বসি
আর ওটা টেনে একেবারে মাথার ওপর পর্যন্ত তুলে নিই।
তারপর,কোনো পূর্বাভাস ছাড়াই
আমি তাকে উল্টে ফেলি
আর সেই কঠিন সত্যটার সাথেই যেন লড়াই করতে থাকি—
যে তুমি আজ আর আমার পাশে নেই।

একটি মন্তব্য পোস্ট করুন
Thanks