ফেয়ার ওয়েল - শাহজাহান পারভেজ রনি

ফেয়ার ওয়েল

এরপর, যদি অারো কিছু ঘটে

সত্যি বলছি অবাক হবোনা।

অামন ক্ষেতের মাজরা সরিয়ে

যদি সংক্রমন ঘটে শিল্পের

যদি শিক্ষিত ভিখীরির চটি ছেঁড়া শব্দে

তোলপাড় হয় প্রশাসন পাড়া

যদি অদ্ভুতুড়ে ডান্ডা পুলিশ

বেদম প্রহারে ভাঙ্গে ধর্মঘটীর হাড়

সত্যি বলছি অবাক হবোনা অবাক হবোনা।

অামি তবুও অবাক হবোনা যদি শুনি

ধর্ষিত হওয়ার ভয়ে  কন্যা শিশুগুলো

পেটের মধ্যেই মরে যাচ্ছে ;

ন্যায্যত কৈশোরের দাবীতে

মৃত বিভা রায় নাম বদলে হয়ে গেছে শাহবাগ।

যদি শুনেই ফেলি  বঙ্গজন্মের পাপে

ক্ষমা চেয়েছেন বিপ্লবী ক্ষুদিরাম বোস, 

দুধের  কসম মায়ের 

কস্মিনকালেও অবাক হবোনা আমি।

যদি এরপর, মিরাকল ঘটে কোন

সত্যি বলছি অবাক হবোনা

যেহেতু,গনতন্ত্রের পাঠ ইতোমধ্যেই আমরা

শিখে নিয়েছি।

শাপার/২০১৪/৯/৯/কুষ্টিয়া।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন