বৈশাখ
কচি মেহেগনি পাতার ফাঁক গলে উঁকি দেয় বেয়ারা রোদ,
বুড়ো বটের স্নেহের ছায়া ভুলিয়ে দেয় ক্লান্তির যত অবরোধ,
হাঁপিয়ে ওঠা তপ্ত শান্ত বিকেল হঠাৎই উন্মত্ত বাতাসে প্রকৃতির ক্রোধ।
এই তো এসে গেছে বৈশাখ,
তার হাত ধরে বাংলায় জেগে ওঠা আরেক বার।
ইলেকট্রিক পাখার আগ্রাসনেও বোনের হাতে শোভিত তালের পাখা,
রাতে বেচে যাওয়া ভাতে রৌদ্র প্রভাতে মায়ের হাতে শুকনো মরিচে পান্তা,
পেয়াজ রসুন বস্তায় বেঁধে দাদুর প্রবোধ, " দাদুভাই কদিন পরেই বিয়াড়ার মেলা।"
এই তো এসে গেছে বৈশাখ,
তার হাত ধরে বাংলায় স্মৃতি কাতরতা আরেক বার।
কালিপটাসের ডালে তৃষ্ণায় ধোঁকা নিঃসঙ্গ পাখির "চোখ গেল" বোলে ডাকা,
ফসলের মাঠ ফেটে চৌচির আগাছা ঘাসের বৃষ্টির পানে চেয়ে থাকা,
প্রচণ্ড তাপে অতিষ্ঠ কর্মঠ মহিষের দল তপ্ত জলেই শীতলতা খোঁজা,
এই বুঝি এসে গেল বৈশাখ,
প্রকৃতির বিরূপতায় বাঁচতে শেখা আরেক বার।
নাগরিক আকাশে রঙ বেরঙের ঘুড়ি ক্যানভাস কংক্রিট জানালা,
অভিজাত খাবার টেবিলে পান্তা ইলিশ! হোক না তা লোক দেখানো বিলাসিতা,
জিন্স টি শার্টের শংকর মেয়েটা আজ বাংলা ভাঁজ শাড়িতে খুব কাছের বঙ্গবালা,
এই তো এসে গেছে বৈশাখ,
তার হাত ধরে অতিথি হয়ে বাংলায় ফিরি আরেক বার।
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks