অনিন্দ জসীম এর অবলাপুরাণ থেকে গুচ্ছকবিতা।। poems by anindo jasim।। কুয়াশা


কুয়াশা আয়োজিত "বই ও কবিতা" আয়োজনে আজ কবি অনিন্দ জসীম এর কবিতার বই অবলাপুরাণ থেকে কয়েকটি কবিতা প্রকাশ করলো কুয়াশা।
|| দ্বীপ সরকার 


অবলাপুরাণ / অনিন্দ্য জসীম


নাড়িপোঁতা ভিটা ছেড়ে এ কোন নগর 
আমাকে খেলছে নিয়ে ষোলোগুটি ঘর
করচপাতার মতো দখিনা সবুজ 
মহুয়ার পুঁথি শুনে ঘুমাত যে রোজ 
মা-মরা দুখিনী মেয়ে আদরে বাবার 
হাঁটি হাঁটি বড় হয় ধনু নদীপাড় 
সেই মেয়ে কোথা আছে জানে কি বাজান 
কত দিন শুনি না গো ফজরে আজান

জলেতে কুমির ছিল ডাঙায় যে বাঘ 
গতরে জোয়ানি ছিল মনে অনুরাগ 
যদিও শান্ত-সুবোধ বাবার আদুরি 
মহুয়ার আছে জানি বিষলক্ষা-ছুরি 

আমি তাতে প্রতিদিন শাণ দেই ধীরে 
কবে যে ঢুকিয়ে দেই পুঁজির প্রাচীরে

১৩ 

রূপের কদর বুঝে বাজায় সে বাঁশি 
আমার দুচোখে তার সোনামুখি হাসি 
এত হাসি ভালো না রে বলেছিল মায় 
সেই কথা আজ কেন মনে উথলায় 
বাবা-মা কি আজো যায় একসাথে মিলে 
জাল নিয়ে চাঁদরাতে হাওরের বিলে 
পাশের বাড়ির প্রেম এমন সুযোগ 
হাতছাড়া করিল না ধরিল চিবুক

যে পিরিতে পোড়া দেহ সে পিরিতে ছল 
গ্রামছাড়া করে দেয় গ্রামের মোড়ল 
প্রতিবেশী দাদি বলে পোড়ামুখি মর 
ঘরেতে কলসি নেই নদীভরা চর 
হাওরের কোনাকুনি শহরের পথ 
প্রেমে ডুগডুগি বাজে নিষিদ্ধ জগৎ


১৯ 

মোছে না কলঙ্কদাগ হলেও নগণ্য 
কয়লা ধুইলে যায় ময়লা কখনো! 
জন্মদাগ ধুয়ে দেখি কর্মদাগ হাসে 
বেদনা রঙিন সুখ জলপদ্মে ভাসে 
জল নিয়ে যত খেলা সমর বিগ্রহ 
জলের ছোঁয়ায় বাড়ে জলের আগ্রহ 
জলবতী নদী আমি জলের ভেলায় 
নাব্যতার বাঁকে বাঁকে নাবিকেরা যায়

যৌবনে পুরুষ সত্য নারী সত্য ভুলে 
জোয়ারে সাগর সত্য নদী সত্য কূলে 
কুলভাঙা নারী আমি ভুলে গেছি নাম 
কোথায় যে ছিল এক নদীঘেরা গ্রাম 
অদূর পাহাড়ে ছিল শালের বাগান 
আর কিছু মনে নেই নদী বহমান


২৮

কাঁটা দিয়ে কাঁটা তোলা এমন অভ্যাস 
ভুল প্রেমে আমি তার তুরুপের তাস 
বায়ান্ন তাসের খেলা তিপ্পান্ন প্রকার 
আমাকে ধরল বাজি রাতের জুয়ার 
পরাজিত হলে ভোরে প্রেমিক জুয়াড়ি 
হাত ধরে নিয়ে যায় লগ্নির বেপারি 
অলিগলি ঘুরে শেষে নিজেই অচেনা 
যেখানে রূপের দামে চলে বেচাকেনা

এ-ও কি ভাগ্যের লেখা কপালের দোষ 
যা-ই করে তা-ই সত্যি শাস্ত্রীয় পুরুষ 
নিষিদ্ধ খাঁচার পাখি আবদ্ধ জীবন 
পেয়ালায় ভরে সুখ খোলে আবরণ 

পুরুষতন্ত্রের দেশে নারী অধিকার 
পুস্তক, বক্তৃতা আর সভা-সেমিনার


৩৪ 

হিসাবে গণিত ভুল আঁকনে জ্যামিতি 
প্রণয়ে প্রেমিক ভুল বিশ্বাসে সুনীতি 
পথভোলা পথিকের গতি দিগভ্রম 
দোটানা মনের ভুলে খুয়েছি সম্ভ্রম 
ভুলের কোকিল ডাকে মনের ভিতর 
ভুলে ভরা যৌবনের ছোট খেলা ঘর 
এত ভুলে ভুল আমি কাকে দেই দোষ 
যার কাছে গিয়ে বলি সে-ও তো পুরুষ

পুরুষের ছলাকলা মারিফতি পাঠ 
গোপনে সন্তও খোঁজে জলের কপাট 
যে তুমি হরণ করো নারীর আরক 
সেই তুমি সুমহান নীতি বিধায়ক 
যে পাপে অচ্ছুত আমি সেই পাপে যোগী 
দুজনের সমপাপে একা কেন ভোগী

আরো পড়ুন.... 

মিলন মাহমুদ এর কবিতাগুচ্ছ পড়ুন এখানে
সাদমান সজীব এর মৃত্যুমৈথুন পড়ুন এখানে
মা দিবসের কবিতাসমূহ পড়ুন এখানে
রুদ্র সাহাদাৎ এর কবিতা পড়ুন এখানে
হাবিব হেলাল এর গুচ্ছকবিতা পড়ুন এখানে
নিরাঞ্জন রায়ের কবিতা পড়ুন এখানে
শ্রমিক দিবসের কবিতা পড়ুন এখানে
মে দিবসের কবিতাগুচ্ছ পড়ুন এখানে
আবদুর রাজ্জাকের কবিতা পড়ুন এখানে
অনিক খুরশীদের পড়ুন এখানে
চরু হক এর কবিতা পড়ুন এখানে 
প্রেমাাংশু শ্রাবণের কবিতা পড়ুন এখানে
সোমা দে'র নিবন্ধ পড়ুন এখানে



Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন