অমৃত -গরল
জোস্নাকে ফেরাতে নদী ছুটে চলেছে সমুদ্রের কাছে!
টাইটানিক গতি তার।
ডুবে যাচ্ছে বেদনার তীব্র অনুরাগ।
বেকুব বাতাস এসে ফণা তুলছে কল্লোলিত সাম্পানের গায়
তরমুজের ফালির মত নিস্তরঙ্গ
আলোর বল্লম ভাঙছে সমুদ্র -জোয়ার।
বালুচর উড়ে যাচ্ছে আকাশের দৃষ্টি সীমানায়।
এ -এক বিস্ময় বটে!
পাখিদের ডানায় সঙ্কট নিয়ে
গবেষণারত আজ শত শত অজানা আকাশ।
আকাশের পিএচ ডি নেই। তাহলে কি দাম আছে তার?
কিছুই না থাকে যদি, তবে তাকে কাজ দাও।
উর্দ্ধপানে নির্বাক তাকিয়ে থাকে
আকাশ - সঙ্গম নিয়ে তৈরী হোক রিসার্চ ওয়ার্ক।
মোটর গ্যারেজের নিচে কর্মরত টোকাইয়ের
কাছ থেকে অভিজ্ঞতা সঞ্চিত হোক।
পাঠ হোক সীতানাথ বসাকের আদর্শলিপি।
সব সত্য পূর্ণ হোক,নদী যাক সমুদ্র- সঙ্গমে
পৃথিবীর নীল রঙে পান হোক অমৃত গরল।
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks