বাঁশিওয়ালা - শিউলি সিরাজ

বাঁশিওয়ালা

মধ্যরাত চমকে চায়!

জেগে ওঠে নিশ্চুপ রাজপথ;

মাঈনুদ্দীনের হাতে বাঁশি...

কংক্রিট দেয়াল ছুঁয়ে,

ঘর-মন-জানালা ছুঁয়ে,

ক্ষ্যাপা বাঁশি তুলে আনে ব্রহ্মপুত্রের কান্না।

পীচের রাস্তায় সোঁদামাটি গন্ধ...

ইরার চোখে জল;

এবরশন টেবিল---রক্তপিণ্ড...

আনিস সাহেবের অনুতপ্ত বুক---

ড্রয়ারে প'ড়ে আছে গোপন ফাইল।

ফেলে আসা লাউয়ের ডগার মত,

জীবনের হাহাকার ছুঁড়ে ফেলে, লতিকা।

নীলু বুকে গুঁজে নেয় দালালের টাকা---

বাবার পকেট কেটে আনা নেশার টাকায়,

মায়ের পথ্য নিয়ে বাড়ি ফেরে সুমিত।

বস্তির ছেঁড়া তেরপলের ফাঁক গলে উঁকি দেওয়া কামুক চাঁদ,

নিঃসঙ্কোচে চুমু খায় আয়নাবিবির কপালে---

মাতাল জমির শেখের নিষ্পলক চোখে জল!

যোগিনীর বেভুল সুরে,

মধ্যরাতে গড়ায় বিভ্রম;

বাজে বাঁশি---কাঁদে মাঈনুদ্দীন...

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন