তোমার জন্য - ডঃ রহমত উল্যা খান

তোমার জন্য 

তোমার জন্য মেঘলা আকাশ-আঁখি,

তোমার জন্য আকাশের ঘন-নীল;

তোমার জন্য রাত জাগে এক পাখি,

প্রতীক্ষায় দূরের শঙ্খচিল !

তোমার জন্য আকাশে ফুটেছে তারা,

তোমার জন্য চাঁদের জ্যোৎস্না ঝরে;

তোমার জন্য পাহাড়ি ঝর্ণাধারা,

ব্যাকুল নয়ন বিরহী অশ্রুভারে !

তোমার জন্য ভোরের মিষ্টি বায়ু,

তোমার জন্য রোদের নরম স্বাদ;

তোমার জন্য শিশিরের ক্ষণ-আয়ু,

হৃদয়ে ব্যাথার গভীর গোপন খাদ !

তোমার জন্য শীতের চাদর হাতে,

তোমার জন্য বুকের ভেতর ওম;

তোমার জন্য চুমোর আদর রাতে,

রূমাল ভেজায় স্বপ্নের সঙ্গম !

তোমার জন্য হাস্নাহেনার ঘ্রাণ,

তোমার জন্য মিতালী বেলী'র সনে;

তোমার জন্য গোলাপের অভিমান,

হাহাকার শুনি জুঁই চামেলির বনে !

তোমার জন্য বুকের জমিন খালি,

তোমার জন্য নদীতে জাগে চর;

তোমার জন্য সাগর-সৈকত-বালি,

ঝিনুক কুড়িয়ে খুঁজেছি মুক্তাবর !

তোমার জন্য বাঁশির করুণ-রাগ,

তোমার জন্য বিরহ-ব্যাথার গান;

তোমার জন্য হৃদয়ে ক্ষত'র দাগ,

তবু খুঁজে ফিরি অমরত্বের দান !

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন