শকুনের চোখ
শকুন যত উপরে ওঠে
মাটির মানুষগুলো তত পিঁপড়ে হতে থাকে
ধূলিবালির চেনা পথ মরে বিন্দু হয়ে ভাসে শূন্যতায়।
দূরত্ব বাড়তে বাড়তে
মাটি ও মানুষ হারিয়ে যায় কুয়াশায়।
উদ্ধর্গামী শকুন—
সাদা মেঘের আয়নায়
শুধু নিজের ছায়া দেখে
মাটির মানুষের কান্না সেখানে পৌঁছায় না।
শেষ দৃশ্য
সিনেমায়—
নায়ক খলনায়ককে জখম করলে
করতালির খই ফোটে অন্ধকারে
বিজয় উল্লাসে ফেটে পড়ে জলসাঘর।
অথচ—
চলচ্চিত্রের ওই খলনায়ক
আমাদের এই সমাজের
জীবন্ত এক প্রতিচ্ছবি মাত্র।
অভিশপ্ত আগুন
কোনো এক অপরাধহীন ভোরে
তুমি আমায় অভিশাপ দিয়ে বলেছিলে —
‘খোদা তোমায় দোজখের আগুনে পোড়াবে’।
ঈষৎ হলুদ হেসে—
অবাক হয়ে আমি বলেছিলাম
তোমার আগুনে বুঝি ঘাটতি পড়েছে?
অদৃশ্য কাঁটা
আমি বলেছিলাম—
তুমি একটি ফুটন্ত গোলাপ
তুমি হেসেছিলে এক চিলতে আলোয়।
তুমি বুঝলে না—
গোলাপ মানেই তো লাল
লাল মানে রক্ত আর রক্ত মানে ক্ষত।
ওই সুবাসের গভীরে কেবল কাঁটার গোপন বুনন;
পাপড়ি ঝরে গেলে থেকে যায় শুধু মাংসের ফাটল।
নিষিদ্ধ পথ
বার বার ঘুরে ফিরে
নিষিদ্ধ পথে হেটে যাই—
আগুন পাখির গোপন ইশারায়।
ভুল ফুল ছুয়ে
আদি পিতা মাতা
নেমে এসেছিলেন ধরায়।
একটি ছুটির আবেদন
বরাবর
কর্তৃত্ববাদী
বিষয় : ছুটির জন্য আবেদন।
মহাশয়া,
যথাযথ সম্মানসহ
বিনম্র নিবেদন এই যে
ছুটি চাই—
এই কংক্রিটের কুয়াশা থেকে।
এতটা দূরত্ব নিয়ে একই ছাদের নিচে বেঁচে থাকা এক দীর্ঘশ্বাস মাত্র।
আমার পছন্দ শীতল কণ্ঠ—
আমার পৃথিবী জুড়ে ফুল, পাখি, প্রজাপতি;
আমি পড়তে ভালোবাসি, লিখতে ভালোবাসি নীরবতা।
তুমি উনানের উত্তাপে পটু
নিখুঁত করো কাপড়ের ভাঁজ;
তবু তোমার শাসন এক অবিনাশী দেওয়া।
জীবনের কোনো বাঁকে থামতে হয়—
অথচ তুমি কখনো যতিচিহ্ন চিনলে না।
তোমার কণ্ঠের বেপরোয়া স্রোত শুধু বইতেই থাকে, বইতেই থাকে।
তুমি ঝড়ের প্রতিচ্ছবি।
তোমার স্বরগ্রাম জুড়ে শুধু মেঘের গর্জ—
সেখানে কখনো এক ফোঁটা শিশির জমল না।
অতএব,
সত্যিই আমি ছুটি চাই
এই শূন্যতার ব্যবধান ডিঙিয়ে আর ফেরা যায় না।
বিনীত
স্বেচ্ছাচার বিরোধী
তোমার অবাধ্য আমি।
আরো পড়ুন......
নয়ন আহমেদ এর গুচ্ছকবিতা এখানে
সন্দীপ গোস্বামী'র কবিতা এখানে
অনুবাদ কবিতা পাঁচটি এখানে
তানভির আহমেদ হৃদয় এর কবিতা এখানে
এমিলি ডিকিনসন এর অনুদিত কবিতা পড়ুন এখানে
সুনির্মল বসু'র গল্প পড়ুন এখানে
গোলাম কিবরিয়া পিনুর কবিতা এখানে
ইলিয়াস মাহমুদের প্রবন্ধ এখানে
সাজ্জাদ সাইফের কবিতা এখানে

একটি মন্তব্য পোস্ট করুন
Thanks